মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ঢাকা মেট্রোরেল সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনে চলাচল করছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে, যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
আজ বুধবার (২৯ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, মেট্রোরেলের নিরাপদ চলাচল বজায় রাখতে নিয়মিত পরিদর্শন ও কারিগরি পরীক্ষার কাজ চলছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রকৌশল, যান্ত্রিক ও তদারকি দল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, এরআগে রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটের মেট্রোরেলের ৪৩২ ও ৪৩৩ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিয়ারিং প্যাড খুলে পড়ে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম। এ সময় আহত হন আরো দুজন।