প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:৪৬ পিএম আপডেট: ২৮.১০.২০২৫ ৫:১১ PM

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা হক হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করতে পারেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ হাইকোর্টে হাজির হন এবং আইনজীবীদের সঙ্গে জামিন শুনানির বিষয়ে আলোচনা করেন।
সকাল ৯টায় ইশতিয়াক আহমেদ আপিল বিভাগের কক্ষে বসে ছিলেন। এসময় তিনি কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন। এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সামিরা হকসহ কয়েকজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) নাসির আহম্মেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ২২ অক্টোবর রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালতের নির্দেশে মামলাটি পুনঃতদন্তাধীন থাকায়, রমনা থানা সমস্ত বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।
গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরিত করা হয়। মহানগর দায়রা জজ আদালতের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে মামলার তদন্ত শুরু হয়। সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, নতুন তথ্য ও সাক্ষ্য-প্রমাণ যাচাইয়ের কাজ চলছেই।
হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্যান্য ১০ আসামি হলেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ