প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৫:১১ পিএম

রাজশাহীতে ঐতিহাসিক জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভ নিয়ে কটূক্তিমূলক ভিডিও প্রকাশের অভিযোগে শেখ মিফতা ফাইজা (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন নাটোর জেলা ছাত্রলীগের সক্রিয় নেত্রী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে শনিবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট ফাঁড়ির পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফাইজা নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।
সূত্র জানায়, সম্প্রতি ফাইজা রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে “জুলাই আন্দোলন” ও “জুলাই যোদ্ধাদের” নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন এবং স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দেন।
পরবর্তীতে তিনি ওই ভিডিওটি ফেসবুকে রিল আকারে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন গোপন পেজ ও আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকে “জুলাই যোদ্ধাদের অপমানের বিচার চাই” হ্যাশট্যাগে ক্ষোভ প্রকাশ করেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজশাহী মেট্রোপলিটন ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। তবে তখন আত্মগোপনে চলে যান ফাইজা। পরে প্রযুক্তিগত সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে কাঁকনহাট ফাঁড়ির সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, “ফাইজার সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণে দেখা গেছে, তিনি রাষ্ট্রের অখণ্ডতা ও সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এছাড়া নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে সক্রিয়ভাবে প্রচার চালাতেন।”
তিনি আরও বলেন, “ফাইজা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক অনলাইন গ্রুপ পরিচালনা করতেন এবং নিষিদ্ধ সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছেন যে, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করতেন।
এই ঘটনায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজই তাঁকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে