প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:২৬ পিএম

এশিয়ার নবীনতম দেশ পূর্ব তিমুর আনুষ্ঠানিকভাবে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান–এর ১১তম সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে। প্রায় অর্ধ শতাব্দী আগে পর্তুগিজ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির পর দেশটির নেতারা যে আঞ্চলিক অন্তর্ভুক্তির স্বপ্ন দেখেছিলেন, অবশেষে তা পূর্ণতা পেল।
রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হওয়া ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে পূর্ব তিমুরের সদস্যপদ অনুমোদনের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী জানানা গুসমাও।
২০১১ সালে পূর্ব তিমুর আসিয়ানের সদস্যপদের জন্য আবেদন করেছিল এবং ২০২২ সালে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পায়। অবশেষে ১৪ বছর পর দেশটি পূর্ণাঙ্গ সদস্যপদ পেল। সম্মেলনস্থলে যখন পূর্ব তিমুরের পতাকা উত্তোলন করা হয়, তখন উপস্থিত প্রতিনিধিদের করতালিতে পুরো হল মুখরিত হয়ে ওঠে।
এই ঐতিহাসিক অর্জন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানানা গুসমাও বলেন, “এটি আমাদের জাতির জন্য এক নতুন অধ্যায়—বাণিজ্য ও বিনিয়োগের অসীম সম্ভাবনার সূচনা।”
প্রায় ১৪ লাখ জনসংখ্যার ছোট দেশ পূর্ব তিমুর (তিমুর-লেস্তে) এশিয়ার দরিদ্রতম রাষ্ট্রগুলোর একটি। প্রায়২ বিলিয়ন ডলারের ক্ষুদ্র অর্থনীতির এই দেশ এখন আশা করছে, আসিয়ানের ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক কাঠামোর অংশ হয়ে উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্মেলনের উদ্বোধন করেন এবং ‘অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদস্য দেশগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
তিন দিনব্যাপী এই সম্মেলনে আসিয়ানের ১০টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র ও সরকার প্রধানসহ প্রায় ৩০ জন শীর্ষ নেতা অংশ নিচ্ছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ