প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:৩৪ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ৮:১৫ PM

গুলশানে তলব দেবিদ্বারের ৫ মনোনয়ন প্রত্যাশীর
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৫ নেতাকে তলব করা হয়েছে গুলশানে। মনোনয়ন প্রত্যাশী সকলের সাথেই সরাসরি কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ধারণা করা হচ্ছে, এ বৈঠকের পর শুরু হতে পারে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কাজ। চলতি মাসের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সংকেত পাবেন প্রার্থীরা।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলে সাবেক সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট রেহানা পারভীনকে তলব করা হয়েছে।
কুমিল্লা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান বলেন, বিএনপি একটি বড় দল, প্রতিটি আসনেই দলের ৪-৫ জন করে যোগ্য মনোনয়ন প্রত্যাশী রয়েছে। দল যাকেই মনোনয়ন দিবে ওই প্রার্থীর পক্ষেই যেন ঐক্যবদ্ধ হয়ে সকলে কাজ করেন। আজকের বৈঠকে এ ধরনের নির্দেশনা আসতে পারে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী বলেন, আজকের সন্ধ্যা ৬ টায় গুলশান কার্যালয়ে দেবিদ্বার থেকে ৫ জন ডাক পেয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালী সবার সাথে কথা বলবেন।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, কুমিল্লা-৪ থেকে ৫ জন বৈঠকে ডাক পেয়েছেন। আমাদের মনে হচ্ছে আজকের বৈঠকে সুষ্ঠু নির্বাচন ও দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলবেন। এছাড়া আর কি বিষয়ে আলোচনা হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।