প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ২:১৫ পিএম

সংগৃহীত ছবি
ভারতের জনপ্রিয় গায়ক অনুভ জৈন আবারও ঢাকায় আসছেন। সুরেলা কণ্ঠে তরুণ প্রজন্মের হৃদয় জয় করা এই সংগীতশিল্পী দ্বিতীয়বারের মতো মঞ্চ মাতাতে আসছেন বাংলাদেশে।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস নিশ্চিত করেছে তার আসার খবর। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) সংস্থাটি তাদের অফিসিয়াল পেজে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে অনুভ জৈনের বিভিন্ন গানের দৃশ্যের পাশাপাশি লেখা ছিল, ‘আসছে নভেম্বরেই ঢাকায় আসছেন অনুভ জৈন।’
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘অরোরা নাইট চলছে! নভেম্বরের আকাশ, শীতের হাওয়া, বাতাসে বারিশেইন। জাদুর সাথে রাত হোক আলোকিত, মিস করবেন না!’
‘অরোরা নাইট’ কনসার্টের অনলাইন টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। তবে আয়োজকরা এখনো কনসার্টের নির্দিষ্ট তারিখ ও ভেন্যু প্রকাশ করেননি।
উল্লেখ্য, অনুভ জৈন প্রথমবার বাংলাদেশে আসেন ২০২৩ সালে ‘লেটস ভাইভ ঢাকা’ কনসার্টে। সেই আয়োজনে তার সঙ্গে বাংলাদেশের সংগীতশিল্পী তাহসান, প্রীতম হাসান এবং জেফারও পারফর্ম করেছিলেন।
মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা অনুভ জৈন নিজের লেখা গান দিয়ে সংগীতজগতে পথচলা শুরু করেন। ২০১২ সালে ইউটিউবে প্রকাশিত তার প্রথম গান ছিল ‘মেরি বাতমে তু’। তবে শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান ‘বারিশেইন’ গানের মাধ্যমে।
তার অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’ ও ‘গুল’।