প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১২:৩২ পিএম

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার “প্রতারণামূলক” শুল্কবিরোধী বিজ্ঞাপন প্রচারের কারণে দুই দেশের মধ্যে চলমান সব বাণিজ্য আলোচনা বাতিল করার ঘোষণা দিয়েছেন।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ লিখেছেন, “জঘন্য আচরণের কারণে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো।”
বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপের বিরোধিতা করতে দেখা যায়। ট্রাম্পের মতে, এটি “প্রতারণামূলক প্রচারণা”। অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ডও জানিয়েছেন, বিজ্ঞাপনটি ট্রাম্পের নজরে এসেছে।
ট্রাম্প দীর্ঘদিন ধরে বাণিজ্য আলোচনায় চাপ প্রয়োগের কৌশল হিসেবে শুল্কনীতি ব্যবহার করে আসছেন। এ নীতির কারণে যুক্তরাষ্ট্রে শুল্কহার ১৯৩০-এর দশকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং নতুন শুল্ক আরোপের হুমকি নিয়মিতভাবে ব্যবসায়িক ও অর্থনীতির উদ্বেগ বাড়িয়েছে।
চলতি বছরের শুরুতে ট্রাম্প কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়িখাতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন। এর পাল্টা হিসেবে কানাডাও সমপরিমাণ শুল্ক আরোপ করে। এরপর থেকে দুই দেশের মধ্যে নতুন চুক্তির জন্য আলোচনা চলছিল। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আলোচনায় ব্যর্থ হলেও মার্কিন পণ্যের অন্যায্য প্রবেশাধিকার দিতে তারা রাজি নন।