প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১:২৩ পিএম

সংগৃহীত ছবি
নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সব রাজনৈতিক দল একসঙ্গে আছে, তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
আজ শুক্রবার সকাল ১০টায় মাগুরার নবগঙ্গা ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে, সে উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি।
শফিকুল আলম বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান এরমধ্যে কাজ করতে শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে।
নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি-না এমন প্রশ্নে প্রেসসচিব বলেন, ‘গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।’
আরপিওতে ‘না ভোট’ রাখার সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব বলেন, যদি কোথাও একজন প্রার্থী থাকে, তবে জনগণ তার বিপরীতে না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ পাবে।
স্বদেশ প্রতিদিন/এমএস