প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৪:০০ পিএম

সংগৃহীত ছবি
তৃতীয় এশিয়ান যুব গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল প্রথমবারের মতো ব্রোঞ্জ পদক জয় করে দেশের জন্য ইতিহাস সৃষ্টি করেছে।
এর আগে অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে পরাজিত করে প্রথম পদক জিতেছিল। এখন পর্যন্ত বাংলাদেশ এই গেমসে মোট দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
শেষ ম্যাচে বাংলাদেশ দল স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে কাবাডি ডিসিপ্লিনে তৃতীয় স্থান নিশ্চিত করে। বাংলাদেশ দলকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার।
টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ছিল চ্যালেঞ্জিং। শক্তিশালী ভারতের কাছে প্রথম ম্যাচে পরাজিত হওয়া সত্ত্বেও দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের দল। এরপর শ্রীলঙ্কাকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে। তবে থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের সুযোগ হাতছাড়া হয়। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে জয় করলেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি।
এর আগে বাংলাদেশের কাবাডি দল এশিয়ান যুব গেমসে কোনো পদক জিততে পারেনি। এবার বালক দলের এই সাফল্য দেশের কাবাডি ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করল।
স্বদেশ প্রতিদিন/শাহো