প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১:৫৩ পিএম

সংগৃহীত ছবি
রাঙামাটির একমাত্র গোলাপি হাতিটি মারা গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুনাছড়ি এলাকার কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় হাতিটির মৃতদেহ দেখা যায়। খবর পেয়ে দ্রুত পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের হাতি সুরক্ষা দলের নয় সদস্য ঘটনাস্থলে পৌঁছান।
বরকলের হাতি সুরক্ষা দলের সদস্য মো. লিটন হোসেন জানান, তিনি নিজের বাগানে কাজ করার সময় দূর থেকে কাপ্তাই হ্রদে কিছু ভাসতে দেখেন। কাছে গিয়ে দেখেন, গোলাপি হাতির মরদেহের পেছনে একটি হাতির পাল সাঁতরে আসছে। পরে বুঝতে পারেন, মা হাতিসহ দলটি মৃত গোলাপি হাতির দেহের সঙ্গে রয়েছে। খবর পেয়ে দলের অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হাতিটির অবস্থান চিহ্নিত করেন। পরে সুবলং রেঞ্জের বন কর্মকর্তারাও সেখানে পৌঁছান।
লিটন হোসেন আরও বলেন, “গোলাপি হাতির দেহটি ফুলে গেছে, মনে হচ্ছে কয়েক দিন আগেই মারা গেছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।”
পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সুবলং রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান জানান, “হাতির পালটি মৃত হাতির দেহ ঘিরে রেখেছে, তাই উদ্ধার কাজ শুরু করা যাচ্ছে না। তবে উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, চলতি বছরের ১৮ জুন এই গোলাপি হাতিটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় বাসিন্দা মো. জাবেদ উদ্দীন কাপ্তাই হ্রদ সাঁতরে যাওয়া হাতিটির সেই ভিডিও ধারণ করেছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর