প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১:৪২ পিএম আপডেট: ২১.১০.২০২৫ ২:০২ PM

নারায়ণগঞ্জের খানপুরে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩০) নামে এক নাইটগার্ডকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (২০ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত আবু হানিফ খানপুর মেইনরোডের ইতু ভিলার নাইটগার্ড। আবু হানিফের বাবার নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি খুলনা সদরের খুনতা কাটা গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে যানা যায়, একজন গার্মেন্টস কর্মীর শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন আবু হানিফ। রোববার রাতে শিশুটি বিষয়টি তার মাকে জানায়। সোমবার দুপুরে তার মা ঘটনার কথা স্থানীয়দের জানায়। এ ঘটনা জানার পর নাইটগার্ড আবু হানিফকে স্থানীয় কয়েকজন মিলে ধরে তাকে খানপুর জোড়া ট্যাংকি এলাকায় নিয়ে আসে। পরে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয়।
নিহতের বোন রাবেয়া বেগমের স্বামী মোহাম্মদ ইব্রাহিম বলেন, “সোমবার খানপুরের আজিম ভিলার মালিকের ছেলে অভি দুপুর দেড়টায় আমাদের বাসায় আসেন। এসে আমার স্ত্রী রাবেয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে ইব্রাহিমকে ধরে খানপুর জোড়া টাংকির নিচে নিয়ে যান। সেখানে গিয়ে আমি দেখতে পাই শ্যালক আবু হানিফকে আটকে রাখা হয়েছে। অভির লোকজন তাকে চড় থাপ্পড় মারছেন। তার লুঙ্গি খুলে উলঙ্গ করার চেষ্টা করছেন। একপর্যায়ে আবু হানিফকে তারা অটোরিকশায় করে অন্য কোথাও নিয়ে যায়। রাতে খবর পাই, খানপুর হাসপাতালে কে বা কারা আবু হানিফের লাশ ফেলে রেখে গেছে।”
কাঁদতে কাঁদতে হাসপাতাল চত্বরে নিহতের বাবা আবুল কালাম বলেন, “আমার ছেলে অপরাধ করলে শাস্তি দিবে আইন। কিন্তু তাকে মাইরা ফেললো কেনো আমি এর বিচার চাই।”
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ এ বিষয়ে বলেন, “ঘটনার বিস্তারিত জানতে আমাদের কর্মকর্তারা তদন্ত করছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানা যাবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে