প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১০:৪৭ AM আপডেট: ২১.১০.২০২৫ ২:০২ PM

ফাইল ছবি
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।
শুনানিতে আবেদনকারীদের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানি শেষে আপিলের অনুমতি দেন আদালত।
পরবর্তীতে ড. বদিউল আলম মজুমদার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ পাঁচজন আবেদনকারী হিসেবে আপিল করেন।
২০১১ সালে উচ্চ আদালতের এক রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়। এরপর থেকেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি রাজনৈতিক অঙ্গনে আলোচিত ইস্যু হয়ে আছে।
চূড়ান্ত শুনানি শেষে এ বিষয়ে আদালতের রায় বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
স্বদেশ প্রতিদিন/এনআর