প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১০:৩৬ AM

ফাইল ছবি
রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ৭৮ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার ধারণা, রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ৭৮ শতাংশ অঞ্চল দখল করে নিয়েছে। এখনকার অবস্থা যেমন আছে, তেমনই রেখে দেওয়া উচিত। পরে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে।”
তিনি আরও বলেন, “দুই পক্ষেরই এখন যুদ্ধ বন্ধ করা উচিত। সবাইকে ঘরে ফিরতে হবে, মানুষ হত্যা বন্ধ করতে হবে। যুদ্ধ চলতে থাকলে ভবিষ্যতে কোনো সমাধান বের করা আরও কঠিন হয়ে পড়বে।”
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান ও সংবাদ সংস্থা রয়টার্স-এর খবরে বলা হয়, ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বর্তমান অবস্থা স্থিতিশীল রাখার পক্ষে মত দেন। এর আগে তিনি বলেছিলেন, ইউক্রেন সামরিকভাবে ক্রিমিয়া উপদ্বীপসহ দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে পারবে।
অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার দখল থেকে পুরো ভূখণ্ড মুক্ত না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের প্রস্তাবকে অবাস্তব ও ‘রুশ আগ্রাসনের পুরস্কার’ হিসেবে বর্ণনা করেছেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ৭৮ শতাংশ ভূখণ্ড দখলের ধারণা বাস্তবতার সঙ্গে মেলে না। রয়টার্স–এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত রাশিয়া ইউক্রেনের প্রায় ১৯ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে, যার মধ্যে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের কিছু অংশ অন্তর্ভুক্ত।
এদিকে, ট্রাম্প শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তিনি পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে পুনর্নির্বাচিত হলে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের উদ্যোগ নেবেন।
স্বদেশ প্রতিদিন/এনআর