বলিউডের বাদশা শাহরুখ খান ও দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত অভিনেতা লি জং-জে এক ফ্রেমে! রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ দুই আন্তর্জাতিক তারকার এই বিরল সাক্ষাৎ ঘিরে উত্তেজনার শেষ নেই ভক্তদের মধ্যে।
সম্প্রতি লি জং-জে তার ইনস্টাগ্রামে শাহরুখ খানের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, শাহরুখের সঙ্গে দেখা করে তিনি নিজেকে ‘ধন্য’ মনে করছেন। ছবি পোস্টের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, হয়ে ওঠে ভাইরাল।
জানা গেছে, সৌদি আরবের রিয়াদে আয়োজিত জয় ফোরাম ২০২৫-এ উপস্থিত ছিলেন আরও দুই বলিউড সুপারস্টার সালমান খান ও আমির খান। আন্তর্জাতিক বিনোদন জগতের এই মিলনমেলা ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে।
লি জং-জে এর আগে ‘অ্যাসাসিনেশন’, ‘দ্য থিভস’ এবং নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এ অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। এই সিরিজে তার চরিত্র সিওং গি-হুন (খেলোয়াড় নম্বর ৪৫৬) হয়ে ওঠে সর্বজনপ্রিয়। সম্প্রতি মুক্তি পাওয়া ‘স্কুইড গেম’ সিজন ৩ দিয়ে শেষ হয় এই সিরিজের যাত্রা।
অন্যদিকে, শাহরুখ খান বর্তমানে ব্যস্ত তার পরবর্তী ছবি ‘কিং’-এর শুটিংয়ে। এই অ্যাকশন থ্রিলার পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে কাজ করেছেন। নতুন এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, তার মেয়ে সুহানা খান এবং অভিষেক বচ্চন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে