প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১২:৩৮ পিএম

সংগৃহীত ছবি
শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) থেকে ২৩ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ১৫০ টাকা।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুনর্নিরীক্ষণের জন্য শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে; শিক্ষা বোর্ড বা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন করা যাবে না।
আবেদন করার ধাপ:
১. ওয়েবসাইটে প্রবেশ করুন: https://rescrutiny.eduboardresults.gov.bd
২. নির্ধারিত স্থানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করুন।
৩. সাবমিট বাটনে ক্লিক করুন এবং মোবাইল নম্বর দিন। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ হলে এই নম্বরে এসএমএস পাঠানো হবে।
৪. পরবর্তী স্ক্রিনে বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে।
ফি পরিশোধের নিয়ম:
বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করুন।
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি। দ্বিপত্র বিষয় (যেমন- বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র) হলে উভয়পত্রের জন্য আবেদন করতে হবে।
বিকাশ, নগদ, সোনালি সেবা, ডিডিবিএল রকেট ও টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
ফি পরিশোধের পর আবেদন পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।
আবেদন সংশোধনের সুযোগ:
ফি প্রদান করার আগে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয় প্রত্যাহার করে নতুনভাবে নির্বাচন করা যাবে। তবে ফি জমা দেওয়ার পর বিষয় বাতিল করা যাবে না।