প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:২১ AM আপডেট: ১৬.১০.২০২৫ ১১:৩১ এএম

ফাইল ছবি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে।
বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
তিনি বলেন, গত বছর (২০২৪) শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২০২টিতে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, যদিও প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
এদিকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। শিক্ষা বোর্ড বা অন্য কোনো দপ্তরে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।
স্বদেশ প্রতিদিন/শাহো