প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:৪৩ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ৭:২৬ PM

সংগৃহীত ছবি
কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গা (৮০) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পারিবারিক সূত্রে এই খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনের অনুযায়ী, বুধবার (১৫ অক্টোবর) সকালে হাঁটতে বের হওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দেবমাথা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্মকর্তা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওদিঙ্গার স্বাস্থ্য নিয়ে জল্পনা ছিল। যদিও পরিবারের সদস্যরা এবং রাজনৈতিক মিত্ররা তার গুরুতর অসুস্থতার খবর প্রত্যাখ্যান করে আসছিলেন।
ওদিঙ্গার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সাবেক প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেছেন, “ওদিঙ্গার মৃত্যু আমাদের দেশজুড়ে একটি নীরবতা সৃষ্টি করেছে।”
কেনিয়ার অন্যান্য রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক নেতারাও ওদিঙ্গার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাইলাকে “একজন উচ্চপদস্থ রাষ্ট্রনায়ক এবং ভারতের প্রিয় বন্ধু” হিসেবে স্মরণ করেছেন।
ওদিঙ্গার সমর্থকরা তার শোক প্রকাশে রাস্তায় নামছেন, বিশেষ করে পশ্চিম কেনিয়ার রাজনৈতিক ঘাঁটি এবং নাইরোবির কিছু অংশে।
সূত্র: বিবিসি