প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১১:৫৮ পিএম

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় অধ্যাপক ইউনূস মাচাদোর প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে বলেন, “গণতন্ত্রের জন্য তার সাহসী সংগ্রাম বিশ্বব্যাপী অনুপ্রেরণা সৃষ্টি করেছে।”
তিনি আরও বলেন, “নিপীড়নের মুখেও মাচাদো কখনো পিছু হটেননি। নিজের দেশ ও জনগণের স্বাধীনতা এবং ন্যায়বিচারের জন্য তিনি অবিচল থেকেছেন— যা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।”
নোবেল কমিটির উদ্ধৃতি উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “গণতন্ত্র টিকে থাকে তাদের সাহসের ওপর, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পান না। স্বাধীনতাকে হালকাভাবে নেওয়া যায় না— একে রক্ষা করতে হয় দৃঢ়তা ও সাহস দিয়ে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “মাচাদো একটি স্বাধীন ও ন্যায়ভিত্তিক বিশ্বের স্বপ্ন দেখেছেন এবং তা বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ