প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৩:৫৬ AM

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রথমবারের মতো ভারত সফরে এসে বুধবার (৮ অক্টোবর) মুম্বাই পৌঁছান। সফরের অংশ হিসেবে তিনি যশ রাজ স্টুডিও পরিদর্শন করেন এবং বলিউড অভিনেত্রী রানি মুখার্জিসহ একাধিক তারকার সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় যশ রাজ ফিল্মস ঘোষণা করেছে, আগামী বছরের শুরুতে তারা ব্রিটেনে তিনটি নতুন সিনেমার শুটিং শুরু করবে। এই প্রকল্পের মাধ্যমে তিন হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, “বলিউড ব্রিটেনে ফিরছে, যা কর্মসংস্থান, বিনিয়োগ এবং নতুন সুযোগ তৈরি করবে। এটি ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং দুই দেশের জনগণেরও উপকারে আসবে।”
যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানী বলেন, ব্রিটেন তাদের কাছে সবসময়ই বিশেষ, কারণ তাদের আইকনিক সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এর শুটিংও ব্রিটেনে হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্টুডিও পরিদর্শন এবং চুক্তিতে স্বাক্ষর আমাদের জন্য সম্মানজনক। বর্তমানে তারা ব্রিটেনে কাম ফল ইন লাভ সিনেমার ইংরেজি নাটকের সংগীত প্রযোজনার কাজ করছেন।
যশ রাজ ফিল্মস মনে করছে, এই সৃজনশীল অংশীদারি শুধু নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ তৈরি করবে না, বরং ভারত-ব্রিটেনের সাংস্কৃতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং সৃজনশীল বিনিময়ে নতুন প্রেরণা যোগ করবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ