প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১:৩৭ পিএম

সংগৃহীত ছবি
বিশ্বব্যাপী হাসির রাজার খেতাবধারী মিস্টার বিন, রোয়ান অ্যাটকিনসন, নতুন কমেডি সিরিজ নিয়ে দর্শকদের মনে ফের হাসির ঝড় তুলতে চলেছেন। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ম্যান ভার্সেস বি’র সিকুয়েল ‘ম্যান ভার্সেস বেবি’ এই বছরের ১১ ডিসেম্বর, ক্রিসমাস উৎসবের সময় প্রকাশ পেতে যাচ্ছে।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যান ভার্সেস বি’-তে মিস্টার বিনের মৌমাছির সঙ্গে যুদ্ধ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার সেই প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন দুই দুষ্টু শিশু। চার পর্বের এই সিরিজে আগের মতোই ‘ট্রেভর বিংলি’ চরিত্রে রোয়ান অ্যাটকিনসনকে দেখা যাবে।
নতুন মৌসুমে দেখা যাবে, আগের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর হাউস কেয়ারটেকারের চাকরি ছেড়ে দিয়েছে বিংলি। এবার সে এক স্কুলে কেয়ারটেকার হিসেবে যোগ দেয়। ছুটির আনন্দ উপভোগ করছিল বিংলি, কিন্তু শেষ ক্লাসের দিন হঠাৎ স্কুলের আশপাশে নাম-পরিচয়হীন দুই শিশুকে খুঁজে পায়। অভিভাবকের অনুপস্থিতিতে ওই শিশুদের দেখাশোনার দায়িত্ব তার কাঁধে এসে পড়ে।
এরপরই শুরু হয় বিপত্তির ধারা। শিশুদের সামলাতে গিয়ে বিংলির ছুটির পরিকল্পনা ভেস্তে যায়। পরিচিত অগোছালো, গোঁফে রাগ আর কান্ডজ্ঞানহীন ট্রেভর বিংলি চরিত্রে রোয়ান অ্যাটকিনসন ফের একবার প্রমাণ করবেন কমেডির মঞ্চে তার জুড়ি মেলা ভার।
নেটফ্লিক্স বুধবার সিরিজটির ‘ফার্স্ট লুক’ প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে দুই শিশুর সঙ্গে অ্যাটকিনসনের নানা মজার ও অদ্ভুত মুহূর্ত।
এ সিরিজে শুধু অভিনয় নয়, রোয়ান অ্যাটকিনসন উইল ভেডিসের সঙ্গে যৌথভাবে লেখা ও পরিচালনার দায়িত্বও পালন করেছেন।
নেটফ্লিক্স জানাচ্ছে, ১১ ডিসেম্বর থেকে দর্শকরা ‘ম্যান ভার্সেস বেবি’ প্ল্যাটফর্মে উপভোগ করতে পারবেন।