প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:০০ পিএম

২০২৫ সালের শুরু থেকে ৩ অক্টোবর পর্যন্ত ইতালিতে সমুদ্রপথে পৌঁছানো অভিবাসীর মধ্যে বাংলাদেশের সংখ্যা সর্বাধিক। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ইতালিতে ১৫,৪৭৬ জন বাংলাদেশি অভিবাসী পৌঁছেছেন।
এ সংখ্যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ২০২৪ সালে ভূমধ্যসাগর পার হয়ে ইতালিতে পৌঁছানো বাংলাদেশির সংখ্যা ছিল ৮,৫২৬ জন। বর্তমানে এরা ইতালিতে আসা মোট অভিবাসীর প্রায় ৩০ শতাংশ।
এই প্রতিবেদনে দেখা গেছে, ইতালিতে সর্বাধিক বাংলাদেশির পাশাপাশি ইরিত্রিয়া (৭,০৯০) ও মিসর (৬,৫৫৮) থেকে যথেষ্ট সংখ্যক অভিবাসী পৌঁছেছেন। এছাড়া পাকিস্তান, সুদান, সোমালিয়া, ইথিওপিয়া ও তিউনিশিয়া থেকে কয়েক হাজার মানুষ ইতালিতে পাড়ি জমিয়েছে।
২০২৫ সালের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত অভিবাসনের প্রবণতা সবচেয়ে তীব্র ছিল। বিশেষ করে সেপ্টেম্বর মাসে ৮,৩১৫ জন অভিবাসী ইতালিতে পৌঁছান। একই সময়ে অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীর সংখ্যা সামান্য বেড়েছে, যা ২০২৩ সালের তুলনায় অনেক কম।
সার্বিকভাবে ইউরোপীয় সীমান্ত আরও কঠোর হলেও, বাংলাদেশের অভিবাসন প্রবাহে তেমন প্রভাব পড়েনি। বরং দক্ষিণ এশিয়ার নতুন অভিবাসন ধারা ইতালির ভূমধ্যসাগরীয় উপকূলে ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ