প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:১৯ পিএম আপডেট: ০৭.১০.২০২৫ ৫:৩৫ PM

নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের গৌহাটিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ফলে প্রথমে ব্যাট করছে টাইগ্রেসরা।
এর আগে, বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ দল। বোলারদের নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে সেই জয়ে উজ্জীবিত টাইগ্রেসরা এবার শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় থাকার লক্ষ্যে খেলছে।
২০২২ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ। এবার একই দলের বিপক্ষে জয় দিয়ে শুরু করায় দলের আত্মবিশ্বাস তুঙ্গে।
তবে প্রতিপক্ষ ইংল্যান্ডও দারুণ ফর্মে রয়েছে। গৌহাটিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারিয়েছে ইংলিশরা। পরিসংখ্যান বলছে, ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে একবারই খেলেছে বাংলাদেশ, যেখানে তারা ১০০ রানে পরাজিত হয়। টি-টোয়েন্টিতেও চার দেখায় চারবারই হেরেছে টাইগ্রেসরা।
তবে অতীত পরিসংখ্যানের বাইরে বেরিয়ে আসতে চায় নিগার সুলতানার দল। আগের ম্যাচের মতো বোলারদের ধারাবাহিক পারফরম্যান্স এবং ব্যাটিং গভীরতার ওপর আস্থা রেখেই মাঠে নামছে বাংলাদেশ।
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আকতার নিশি এবং সুমাইয়া আক্তার।
স্বদেশ প্রতিদিন/কেআইকে