প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১২:২৫ AM

দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোর শিক্ষক সংকট নিরসনে ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী ১০ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত এ পরীক্ষার মাধ্যমে ৬৮৩ জনকে শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।
পিএসসি জানায়, লিখিত পরীক্ষা ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাতেই অনুষ্ঠিত হবে। এবার মোট আবেদন পড়েছে প্রায় ৩ লাখ ১২ হাজার। ফলে প্রতি পদে গড়ে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে যেহেতু এটি শিক্ষা ক্যাডারের বিশেষ বিসিএস, তাই প্রতিটি বিভাগের শূন্যপদের জন্য সেই বিভাগের প্রার্থীরাই প্রতিযোগিতা করবেন।
বিশেষ বিসিএস হওয়ায় এখানে সাধারণ বিসিএস পরীক্ষার মতো প্রিলিমিনারি ধাপ থাকছে না। প্রার্থীরা সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নেবেন। ২০০ নম্বরের এই লিখিত পরীক্ষা হবে এমসিকিউ আকারে। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ১০০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ নিতে হবে।
সরকারি সাধারণ কলেজে ৬৫৩টি এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি পদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিভাগভিত্তিক সর্বোচ্চ শূন্যপদ রয়েছে বাংলায় ৬১টি, রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি, দর্শনে ৩০টি এবং রসায়নে ৩০টি। পাশাপাশি অন্যান্য বিভাগেও প্রভাষক নেওয়া হবে।
গত ২১ জুলাই পিএসসি ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরদিন ২২ জুলাই থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, যা ২২ আগস্ট পর্যন্ত চলে। বয়সসীমা হিসেবে প্রার্থীদের অন্তত ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি রাখা হয়েছিল ২০০ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ