প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১২:৩৪ AM

বাংলাদেশে সব ধর্মের অনুষ্ঠানই মর্যাদা ও সম্মানের সঙ্গে উদযাপন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দেশের ৩৩ হাজারেরও বেশি মণ্ডপ ও মন্দিরে শান্তি ও সম্প্রীতির মধ্যেই শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এটি প্রমাণ করে, ঐক্যের মাধ্যমে ভিন্নতায়ও অসাধারণ সাফল্য অর্জন করা সম্ভব।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি লিখেছেন, “আরেকটি চমৎকার দুর্গাপূজা উপহার দেওয়ার জন্য বাংলাদেশের সর্বত্র সবাইকে আন্তরিক ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার গত ১৪ মাস ধরে দায়িত্ব পালন করছে, আর এই সময়ের মধ্যে দ্বিতীয় বছরও আমরা শান্তিপূর্ণভাবে দেশের সর্ববৃহৎ হিন্দু ধর্মীয় উৎসব পালন করতে সক্ষম হয়েছি।”
প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে পূজার অনুষ্ঠান পর্যবেক্ষণ করেছেন গভীর আগ্রহ নিয়ে। আর তিনি নিজে ঢাকায় এসে সরাসরি উৎসবের আনন্দঘন পরিবেশে অংশ নিয়েছেন। বিমানবন্দর থেকে সরাসরি পূজামণ্ডপে গিয়ে উচ্ছ্বাস, রঙ আর মিলনমেলার আবহে যে অভিজ্ঞতা হয়েছে—তা ছিল সত্যিই অবিস্মরণীয়।
তিনি স্বীকার করেন, এখানে-সেখানে কিছু প্ররোচনামূলক ঘটনা ঘটেছে। তবে সামগ্রিকভাবে দেশজুড়ে ৩৩ হাজারেরও বেশি মণ্ডপ ও মন্দিরে পূজা শান্তি ও সম্প্রীতির আবহে সম্পন্ন হয়েছে।
শফিকুল আলম লেখেন, “এটি আবারও প্রমাণ করেছে যে বাংলাদেশে সব ধর্মই যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সঙ্গে পালন করা সম্ভব। একইসঙ্গে আমাদের মনে করিয়ে দেয়—ঐক্যের ভিত্তিতে ভিন্নতা থেকেও আমরা অসাধারণ সাফল্য অর্জন করতে পারি।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ