প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে। আবেদন শুরু হবে আগামী ৫ অক্টোবর থেকে। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সোমবার (২৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত ও অনুমোদিত দাখিল/আলিম এবং ফাজিল/কামিল পর্যায়ের মাদরাসার অধ্যক্ষ ও সুপাররা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনলাইনে e-SIF পদ্ধতি অনুসরণ করতে হবে।
রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীর বয়স ২০২৫ সালের ১ জানুয়ারি অনুযায়ী সর্বনিম্ন ১৪ বছর এবং সর্বোচ্চ ২০ বছর হতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সীমা ২৫ বছর পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। এছাড়াও, যারা ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পায়নি, তারা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে সরাসরি ৯ম শ্রেণিতে আবেদন করতে পারবে।
অনলাইনে রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থী বা অভিভাবকের মোবাইল নম্বর অবশ্যই প্রদান করতে হবে এবং একটি মোবাইল নম্বর দিয়ে শুধুমাত্র একজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত, বিলম্বসহ ফি জমা দেওয়ার সময় ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।
স্বদেশ প্রতিদিন/ আরএফ