প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৩ পিএম আপডেট: ৩০.০৯.২০২৫ ৭:৫৬ PM

সংগৃহীত ছবি
আমার বাংলাদেশ পার্টির (এবিপার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ধারায় নির্বাচনী রাজনীতি করতে পারলে ধর্মীয় বিভেদ কমে যাবে। ধর্মীয় সহনশীলতা ছাড়া রাষ্ট্রের ঐক্য ও সংহতি রক্ষা করার সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ফেনীর পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এসময় ফেনীর বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মণ্ডপ পরিদর্শনে গিয়ে পূজারী, পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। এবি পার্টির অধিকার ভিত্তিক রাজনীতি সকল বিভেদ ও প্রতিহিংসার বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টির প্রয়াস।
কোন ধর্মই হিংসা, লুটতরাজ ও বিভেদকে সমর্থন করেনা উল্লেখ করে তিনি বলেন, পরের সম্পদ হরণকারী মুসলমান ও হিন্দুর মধ্যে পার্থক্য কি? উভয়েই দোজখ বা নরকে যাবে। তিনি সনাতন ধর্মের তরুণ তরুণীদের উদ্দেশ্যে বলেন, জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে না পারলে এ পুজা আয়োজন ও উৎসব ব্যর্থতায় পর্যবসিত হবে।
এসময় তিনি কুমিরা শ্রী শ্রী কালি মন্দির, উত্তর খানে বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির,দক্ষিন রুহিতিয়া জয় কালীবাড়ী দুর্গা মন্দির, বাশপাডা দুর্গা মন্দির, জয়কালী মন্দির, জগন্নাথ বাড়ী কালী মন্দির, গুরুচক্র মন্দির,বারাহীপুর মজুমদার বাড়ী দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এবিপার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, ফেনী জেলার আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকী, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, সমাজকল্যান সম্পাদক এবি সিদ্দিকসহ অন্যান্যরা।
স্বদেশ প্রতিদিন/শাহো