প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম আপডেট: ৩০.০৯.২০২৫ ৮:০২ PM

সংগৃহীত ছবি
ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা ও সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তাঁর পক্ষ থেকে চিকিৎসা সহায়তায় নগদ অর্থ মাওলানা ফারুকীর হাতে তুলে দেওয়া হয়। এসময় তিনি আলেমদের পাশে সবসময় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আতিকুর রহমান রুমন (আহবায়ক, আমরা বিএনপি পরিবার) ও কৃষিবিদ মোকছেদুল মমিন মিথুন (সদস্য সচিব, আমরা বিএনপি পরিবার) নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’ও তাঁর পাশে দাঁড়িয়েছিল।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, ‘বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক ও আন্তরিক সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই আজ আমি মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছি। আমরা জেনেছি, সাধারণ মানুষও ভালোবাসা ও সাধ্যমতো সহযোগিতা নিয়ে তাঁর পাশে দাঁড়াচ্ছেন।’
এ সময় আরো উপস্থিত ছিলেন, লাবিব একাডেমি মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালেহ আহমদ আজম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ, লেখক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, চিকিৎসা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মুফতি রেজওয়ান রফিকী ও লেখক মাওলানা আব্দুল্লাহ আল ফারুকসহ বিএনপির সুহৃদ কিছু ওলামায়ে কেরাম।
প্রসঙ্গত, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার এবং দেশের আলেম-ওলামারা। রাজনৈতিক প্রতিহিংসার জেরে ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় মাওলানা ফারুকীর বিরুদ্ধে মিথ্যা ১৬টি মামলা দেওয়া হয় এবং তিনি দেড় বছর কারাভোগ করেন। ২৪ দিন রিমান্ডে থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। গ্রেফতারের পর ওই নির্যাতনের ধকলেই তাঁর শরীরে বাসা বাঁধে মরণব্যাধি ক্যান্সার।
মাওলানা ফারুকী পূর্বে দেশের শীর্ষ চিকিৎসকদের পাশাপাশি চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চলতি সেপ্টেম্বরের শেষ দিকে তাঁকে চীনের গুয়াংজু হাসপাতালে অস্ত্রোপচারের জন্য নেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
স্বদেশ প্রতিদিন/শাহো/ওএফ