প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১০ পিএম

সংগৃহীত ছবি
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলকে সংযুক্ত করার মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
টোবগে বলেন, ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) অর্থনৈতিক অঞ্চল যদি কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত হয়, তবে উভয় দেশই ব্যাপকভাবে উপকৃত হবে। কুড়িগ্রামের ওই অঞ্চল ভুটানি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রয়েছে।
অধ্যাপক ইউনূস প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশ ও ভুটান উন্নত যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে পারে।”
ভুটানের প্রধানমন্ত্রী ধর্মীয় পর্যটন প্রসারের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “বাংলাদেশি ভিক্ষুরাই আমাদের দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন।”
তিনি আরও জানান, ভুটান তার জলবিদ্যুৎ সম্ভাবনা ভাগাভাগি করতে প্রস্তুত এবং বাংলাদেশের ওষুধ কোম্পানির বিনিয়োগকে স্বাগত জানাবে। এছাড়া ফাইবার অপটিক সংযোগ স্থাপনে বাংলাদেশের সহযোগিতা চান তিনি।
দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। এসময় অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী টোবগে বলেন, তার হাতে বাংলাদেশ নিরাপদ এবং তাকে নিজের “অধ্যাপক ও রোল মডেল” হিসেবে উষ্ণ অভিবাদন জানান।
বৈঠকে অধ্যাপক ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান।
টোবগে আমন্ত্রণ গ্রহণ করে বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে তিনি সফরে আসতে পারেন বলে আশা করছেন।