
সংগৃহীত ছবি
চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। এরপর নামে-বেনামে এক লাখ কোটি টাকারও বেশি অর্থ উত্তোলন করে বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রুপটি ব্যাংকটির নিয়ন্ত্রণ হারায়। বর্তমানে ঋণগুলো একে একে খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে এবং নিলামের মাধ্যমে উদ্ধার প্রক্রিয়া চলছে। ফলে ইসলামী ব্যাংক বড় ধরনের সংকটে পড়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ব্যবসায়ী গোষ্ঠী ইসলামী ব্যাংকের পাশাপাশি সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংকসহ মোট আটটি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল।
এর মধ্যে আদালত এস আলম ও তার পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০টি কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন। গত ১০ জুলাই দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। এসব হিসাবের মধ্যে সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীন, সন্তান আশরাফুল আলম, আহসানুল আলম, আসাদুল আলম মাহি, শ্যালক আহমেদ বেলাল ও বোন মাইমুনা খানমের নাম রয়েছে।
এর আগে ধাপে ধাপে আদালত এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক সম্পদ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ দেন। এর মধ্যে রয়েছে—
২০২৪ সালের ৭ অক্টোবর: এস আলমসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা।
১৬ জানুয়ারি: ৩ হাজার ৫৬৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ।
৩ ফেব্রুয়ারি: ১৭৫ বিঘা জমি (মূল্য ৩৬৮ কোটি টাকা) জব্দ।
১২ ফেব্রুয়ারি: ৫ হাজার ১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ।
২৩ ফেব্রুয়ারি: ৮ হাজার ১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ।
১০ মার্চ: ১ হাজার ৬ বিঘা জমি জব্দ।
৯ এপ্রিল: ৯০ বিঘা জমি জব্দ ও ৩৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ।
১৭ এপ্রিল: ১ হাজার ৩৬০ ব্যাংক হিসাব অবরুদ্ধ (২ হাজার ৬১৯ কোটি টাকা)।
২৩ এপ্রিল: ১৫৯ একর জমি জব্দ (মূল্য ৪০৭ কোটি টাকা)।
২৭ এপ্রিল: ১ হাজার ১৪ বিঘা জমি জব্দ (মূল্য ৫৫৯ কোটি টাকা)।
১৭ জুন: ২০০ একর জমি জব্দ (মূল্য ১৮০ কোটি টাকা)।
২৪ জুন: আরও সম্পদ জব্দের নির্দেশ।
১০ জুলাই: ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে থাকা ১৮ কোম্পানির শেয়ার ও জার্সিতে থাকা ছয়টি ট্রাস্ট কোম্পানির শেয়ার অবরুদ্ধ। একই দিন সাইফুল আলমের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবে ১১৩ কোটি টাকারও বেশি অর্থ অবরুদ্ধ।
এভাবে একের পর এক আদেশে এস আলম গ্রুপ ও তাদের স্বার্থ সংশ্লিষ্টদের বিপুল সম্পদ দেশে-বিদেশে অবরুদ্ধ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএএম