| শিরোনাম: |

ফাইল ছবি
সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে এবার সরাসরি প্রতিক্রিয়া দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার মতে, ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তবে তাকে গাজার চলমান যুদ্ধ থামাতে হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরকালে এক প্রশ্নের জবাবে ম্যাক্রোঁ এ মন্তব্য করেন। ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধ করানোর ক্ষমতা কেবল একজনের হাতেই আছে, আর তিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।”
ম্যাক্রোঁর দাবি, ফ্রান্স কখনো ইসরায়েলকে এমন কোনো অস্ত্র বা সামরিক সহায়তা দেয়নি, যা দিয়ে গাজায় অভিযান চালানো যায়। কিন্তু যুক্তরাষ্ট্র তা করে থাকে। ফলে যুদ্ধ থামানোর মূল দায়িত্ব ট্রাম্পের ওপর বর্তায়।
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়, কারণ এটি হামাসকে পুরস্কৃত করার সমান হবে। তবে একইসঙ্গে তিনি গাজার যুদ্ধ অবিলম্বে বন্ধ করা এবং শান্তি আলোচনায় বসার আহ্বান জানান।
এ প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, “আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখছি, যিনি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে শান্তির বার্তা দিয়েছেন। তিনি নোবেল শান্তি পুরস্কার পেতে চান, কিন্তু সেটি কেবল তখনই সম্ভব যখন এই যুদ্ধের অবসান ঘটানো যাবে।”
এরই মধ্যে কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানসহ কয়েকটি দেশ শান্তিচুক্তি ও অস্ত্রবিরতিতে ভূমিকা রাখার কারণে ট্রাম্পকে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। তবে সমালোচকদের মতে, বাস্তব অগ্রগতি ছাড়া এ মনোনয়ন তাকে কাঙ্ক্ষিত পুরস্কার এনে দেবে না।
সূত্র: রয়টার্স
স্বদেশ প্রতিদিন/শাহো