প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম

সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সড়ক দুর্ঘটনার শিকার হলেও তিনি এবং তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি প্রাইভেট কার পেছন থেকে জয়নুল আবেদিন ফারুকের গাড়িকে ধাক্কা দেয়। এতে তার গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
দুর্ঘটনার পর জয়নুল আবেদিন ফারুক সাংবাদিকদের বলেন, “আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি। সিদ্ধিরগঞ্জে একটি রেন্ট-এ-কারের গাড়ি পেছন থেকে আমার গাড়িতে ধাক্কা দেয়। গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও আমি অক্ষত আছি।”
তিনি এই ঘটনা ‘সন্দেহজনক ও পরিকল্পিত’ বলে উল্লেখ করেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “আমরা ঘটনাস্থলে কোনো গাড়ি পাইনি, হাইওয়ে পুলিশও পাইনি। কাউকে না পেলে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।”