প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২২ পিএম

এশিয়া কাপের সুপার ফোরে আজ ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। পরিসংখ্যানের দিক থেকে অনেক এগিয়ে থাকলেও মাঠের খেলায় চমক দেখানোর সুযোগ থাকছে টাইগারদের সামনে।
টি-টোয়েন্টিতে মুখোমুখি ১৭ বার, তার মধ্যে ১৬ বারই জিতেছে ভারত। বাংলাদেশের একমাত্র জয় আসে ২০১৯ সালে দিল্লিতে। এরপর দুই দলের সর্বশেষ দেখা হয় ২০২৪ সালে হায়দরাবাদে, যেখানে ১৩৩ রানের বড় জয় পায় ভারত।
এশিয়া কাপের ইতিহাসেও দাপট দেখিয়ে এসেছে ভারত। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দুই দল ১৫ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ১৩ বারই জয়ী ভারত। বাংলাদেশের জয় মাত্র ২ বার।
তবে পরিসংখ্যানই সব নয়- এ প্রমাণ দিয়েছিল বাংলাদেশ ২০২৩ সালের এশিয়া কাপে, যখন সুপার ফোরে ভারতকে ৬ রানে হারায় টাইগাররা।
তবে ২০১৮ সালে দুই দলের দুই লড়াইয়েই জিতেছিল ভারত। প্রথমে ৩ উইকেটে, এরপর ফাইনালে ৭ উইকেটে।
আজকের ম্যাচে মাঠের লড়াইটা হবে ‘পরিসংখ্যান বনাম সাহস’-ইতিহাস বলছে ভারত, কিন্তু টাইগারদের লক্ষ্য এবার চমক দেখানো। শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ মিনিটে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
শেষ হাসি কে হাসবে- রেকর্ড, না আত্মবিশ্বাস? সেটাই এখন দেখার অপেক্ষা।
স্বদেশ প্রতিদিন/এমএম