প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭ পিএম

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়ে ডিম হামলা ও গালাগালির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।
এই অপমানজনক ঘটনার পর প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন ডা. তাসনিম জারা। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেওয়া।’
ডা. তাসনিম জারা লিখেন, ‘ওনারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার রাজনীতি গড়ব। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা। যেমন-
- একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবেন।
- একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবেন।
- রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবেন।
- একজন নারী রাস্তায়, বাসে, বা অনলাইনে হেনস্তার শিকার হবেন না।
- একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবেন না।
- একজন নাগরিক মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবেন কোন ভয় ছাড়া।
তিনি আরও লিখেন, ‘আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো: বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।’
স্বদেশ প্রতিদিন/এমএম