প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৪ পিএম

দেশের প্রথম শ্রেণির ক্রিকেটকে আরও পেশাদার ও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে সংস্কৃতি গড়ে তুলতে ক্রিকেটারদের ব্যাগি ক্যাপ দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগের মধ্যেই জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
এবারের এনসিএলের নিয়মিত সাত থেকে আটজন ক্রিকেটারকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি। আগামী ৩ থেকে ১৮ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজায় অনুষ্ঠিত হবে লিজেন্ডস লিগ। একই সময়ে দেশের চারটি ভেন্যুতে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর।
দুবাইয়ের এই টুর্নামেন্টে ‘বাংলাদেশ লিজেন্ডস’ নামে একটি দল অংশ নেবে। এই দলে বর্তমান প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার থাকছেন। বিসিবির কাছ থেকে ছাড়পত্র পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রনি তালুকদার, শুভাগত হোম, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, জিয়াউর রহমান ও নাসির হোসেন। বাঁহাতি স্পিনার আরাফাত সানিকেও ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে সানি বর্তমানে লাল বলের ক্রিকেট খেলেন না।
এনসিএলের ম্যাচ চলাকালীন এসব ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেটে পেশাদারিত্ব বাড়ানোর বিভিন্ন উদ্যোগের পাশাপাশি জাতীয় লিগের নিয়মিত ক্রিকেটারদের একই সময়ে অন্য টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি টুর্নামেন্ট কমিটির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কথা বলেননি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর কাছেও ছাড়পত্র দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
এদিকে জাতীয় লিগের ম্যাচ বাদ দিয়ে লিজেন্ডস লিগে যাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট ক্রিকেটারদের বক্তব্য, বিসিবি তাদের ছাড়পত্র দেওয়ায় তারা টুর্নামেন্টটিতে অংশ নিতে যাচ্ছেন। অর্থাৎ বোর্ডের অনুমোদন পাওয়ার পরই তারা লিজেন্ডস লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
জিয়াউর রহমানসহ কয়েকজন ক্রিকেটার ফিটনেস পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। নাসির হোসেনসহ সংশ্লিষ্ট ক্রিকেটাররা আগামী ৩০ সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন। ৩ অক্টোবর বাংলাদেশ লিজেন্ডসের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বের খেলা শেষ হবে ১৪ অক্টোবর।
বাংলাদেশ লিজেন্ডস ফাইনালে উঠলে নাসির হোসেনরা ১৮ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে থাকবেন। সে ক্ষেত্রে এনসিএলের প্রথম তিন রাউন্ডে সংশ্লিষ্ট ক্রিকেটারদের খেলা হবে না। ফলে দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার শুরুতেই কয়েকজন নিয়মিত ক্রিকেটারের অনুপস্থিতি দেখা যাবে।
স্বদেশ প্রতিদিন/এস পি