প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৮ AM

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মা-মেয়েকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার থেকে ঢাকায় এসে পৌঁছানোর পর তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০)। তাদের কাছ থেকে মোট ৭ হাজার ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এপিবিএনের অপারেশনাল কমান্ডার, পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট বিএস-১৪৬-এ করে আসা ওই দুই নারীকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তারা বিশেষ কায়দায় ইয়াবা বহন করছিলেন। তল্লাশিতে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের পাইপের ভেতর থেকে ৫ হাজার ৮০০ পিস এবং তাদের সালোয়ারের ভেতর থেকে ১ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোজাম্মেল হক।
স্বদেশ প্রতিদিন/এমএম