প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটের নিরাপদ ব্যবহারের মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
সভায় উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মনোনীত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অতিথিরা ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার, সাইবার বুলিং, ফিশিং, পরিচয় চুরি ইত্যাদি বিষয়ে করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এরপর দুপুর পৌনে ২টায় একই মিলনায়তনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ফাতেমা তুল জান্নাত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশে দিকনির্দেশনা প্রদান করেন।
সমাবেশ শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার, পাঠদানের মান, শিক্ষার্থীদের ফলাফলসহ সার্বিক বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এক্সিলেন্স পুরস্কার ও খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হামিদা মোস্তফা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন।
সভা ও সমাবেশে যোগদানের আগে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত গজারিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি নতুন কমনরুম উদ্বোধন করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি ভবেরচর পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন এবং বাউশিয়া ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে