প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৫ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। তিনি অভিযোগ করেন, এই চরমোনাই পীর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং কিছু পাখা মার্কা জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করে বাংলাদেশের মানুষের জন্য জাতীয় বেইমান হিসেবে পরিচিত। এ্যানি বলেন, চরমোনাই পীর পীর নয়, ভণ্ড।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ বক্তব্য দেন তিনি। জেলা আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে এ্যানি আরও বলেন, ইসলামী দলগুলো আজকের দিনে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করছে। ১৭ বছর আগে যখন তারা সংগ্রাম করেছিল, তখন এই ধরনের হুমকি বা মিছিল ছিল না। তিনি জোর দিয়ে বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য শক্তিশালী ঐক্য অপরিহার্য।
এ্যানি জামায়াতের সমালোচনাও করেন। তিনি বলেন, ৮৬ ও ৯৬ সালের নির্বাচনসহ বিভিন্ন সময়ে জামায়াত কেবল বিএনপিকে নয়, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। তিনি অভিযোগ করেন, হাসিনাকে ক্ষমতায় রাখার স্বার্থে তারা জাতীয় বেইমান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্যমতের সরকার গঠন সম্ভব। এতে দুটি কক্ষ বিশিষ্ট সংসদ থাকবে, যেখানে নিম্ন কক্ষে নির্বাচিত প্রতিনিধি এবং উচ্চ কক্ষে নির্বাচিত নন-প্রতিনিধি শ্রেণিভিত্তিক নেতারা বসবেন। এটি সমঝোতা ও ঐক্যের ভিত্তিতে দেশের জন্য কার্যকর সরকার গঠনের পথ দেখাবে।
সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহ। স্বাগত বক্তব্য দেন আবুল খায়ের ভূঁইয়া। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ