প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৫ AM

এশিয়া কাপের সুপার ফোরে আরেকবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শক্ত বার্তা দিল ভারত। ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখে সহজ জয় তুলে নিয়েছে সূর্যকুমার যাদবের দল।
রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৭১ রান তোলে পাকিস্তান। দারুণ শুরু করলেও মাঝের ওভারে ছন্দ হারায় বাবর আজমবিহীন দলটি।
প্রথম ১০ ওভারে পাকিস্তান তোলে ১ উইকেটে ৯১ রান। তখন মনে হচ্ছিল ২০০ ছুঁয়ে ফেলবে তারা। কিন্তু মিডল ওভারে নিয়মিত উইকেট হারানো এবং শেষদিকে মন্থর ব্যাটিংয়ের কারণে থেমে যায় ১৭১ রানেই।
ওপেনার ফখর জামান মাত্র ৯ বলে ১৫ রান করে ফিরলেও শাহিবজাদা ফারহান (৪৫ বলে ৫৮) ও সাইম আইয়ুব (১৭ বলে ২১) গড়েন ৭১ রানের কার্যকর জুটি। এরপর হুসেইন তালাত (১১ বলে ১০), মোহাম্মদ নওয়াজ (১৯ বলে ২১), সালমান আলি আগা (১৩ বলে ১৭) এবং ফাহিম আশরাফ (৮ বলে ২০*) ইনিংসের শেষভাগে রান বাড়ানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ খুব একটা চ্যালেঞ্জিং হয়ে ওঠেনি।
জবাবে ভারতীয় দুই ওপেনার মাত্র ৯.৫ ওভারে ১০৫ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। এরপর কিছুটা ধাক্কা খেলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিলক ভার্মা। তিনি দায়িত্বশীল ব্যাটিংয়ে ভারতকে ১৮.৫ ওভারে জয়ের স্বাদ দেন।
এ নিয়ে এশিয়া কাপের চলতি আসরে দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে হারাল ভারত। এর আগে গ্রুপ পর্বেও পাকিস্তানকে পাত্তা দেয়নি তারা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে