প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৩ AM

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন বলে নিশ্চিত করেছে তার দল।
রোববার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণঅধিকার পরিষদ জানিয়েছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নুরুল হকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সরকারিভাবে তার চিকিৎসা ব্যয় বহন করা হবে।
দলের পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, "দেরিতে হলেও সরকার যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে, তা প্রশংসার যোগ্য। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।"
গত ২৯ আগস্ট রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। হামলার পর তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই ঘটনার বিচার দাবি করে আসছে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
এর আগে চলতি মাসের শুরুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে জানানো হয়, গণঅধিকার পরিষদের সভাপতির সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশনা দিয়েছেন তিনি।
নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেছেন তার রাজনৈতিক সহকর্মী ও সমর্থকরা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে