প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২২ AM

সংগৃহীত ছবি
টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন লিটন দাস। বাংলাদেশের হয়ে ফরম্যাটটিতে এখন সর্বোচ্চ রানের মালিক তিনি। পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে।
সাকিবকে ছাড়িয়ে যেতে লিটনের প্রয়োজন ছিল মাত্র ১৯ রান। দুষ্মন্ত চামিরাকে চার মেরে সেই মাইলফলক স্পর্শ করেন বর্তমান অধিনায়ক। তাতেই তার সংগ্রহ দাঁড়ায় ২ হাজার ৫৫৬ রান। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রান ২ হাজার ৫৫১।
তবে ব্যক্তিগত রেকর্ড গড়েই ড্রেসিংরুমে ফিরতে হয় লিটনকে। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে ২৩ রানে আউট হন তিনি। এর আগে ইনিংসের শুরুতে তানজিদ হাসান তামিম নুয়ান তুষারার বলে বোল্ড হয়ে ফেরেন।
প্রথম উইকেট দ্রুত হারালেও লিটনকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে সাইফ হাসানের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন লিটন। তার বিদায়ের পর ব্যাট হাতে দায়িত্ব কাঁধে তুলে নেন সাইফ।
স্বদেশ প্রতিদিন/এনআর