প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৫ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ৫:৫২ PM

কুমিল্লার মেঘনা উপজেলায় উপজেলা ছাত্রদলের একাংশ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হুঁশিয়ারি দিয়েছে যে কোনো আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি উপজেলা পরিষদে প্রবেশের চেষ্টা করে, তাহলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। এই খবরটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ইউনিয়ন পরিষদগুলোতে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে।
এর আগে ১৭ সেপ্টেম্বর, মেঘনা উপজেলা পরিষদের সামনে আয়োজিত এক কর্মসূচিতে ছাত্রদলের আহ্বায়ক মো. সোলাইমান এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘বিগত সময়ে কিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদ দখল করে নৈরাজ্য সৃষ্টি করেছেন এবং নবাগত ইউএনওর সঙ্গে পায়তারা করার চেষ্টা করছেন। আমাদের নেতা ড. খন্দকার মারুফ হোসেনের নির্দেশে আওয়ামী লীগের কোনো চেয়ারম্যান যদি উপজেলা পরিষদে আসতে চায়, তাদের কঠোরভাবে দমন করা হবে।’
অন্যদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানিয়েছেন, তারা নবাগত নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন এবং নৈরাজ্য সৃষ্টি করার কোনও চেষ্টা করেননি। তারা প্রশাসনের আইনগত ব্যবস্থাপনায় সম্মত।
এ প্রসঙ্গে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান জানান, আওয়ামী লীগের চেয়ারম্যানদের উপজেলা পরিষদে প্রবেশ বা কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা নেই এবং তাঁর সঙ্গে কোনও নৈরাজ্যের চেষ্টা হয়নি।
এদিকে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন মুঠোফোনে বলেন, ‘আমার এই বিষয়ে কোনো তথ্য নেই।’
স্বদেশ প্রতিদিন/এমএম