প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২২ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হিটলারের পরিবারের সদস্য হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আদর্শিকভাবে নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো।
এরদোয়ান এই মন্তব্য করেছেন কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আরব-ইসলামিক নেতাদের জরুরি সম্মেলনের পর। তিনি সেখানে সশস্ত্র গোষ্ঠী হামাসের আলোচকদের ওপর হামলার নিন্দা জানান।
এরদোয়ান আরও উল্লেখ করেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতার কারণে নেতানিয়াহু যুদ্ধাপরাধে অভিযুক্ত। এছাড়া তিনি ইসরায়েলি সরকারকে ‘খুনি নেটওয়ার্ক’ হিসেবেও অভিহিত করেছেন।
এরদোয়ান জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন। চলতি মাসের ২২ তারিখ যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপের কিছু দেশ এই বিষয়ে সমর্থন দেবে বলে তিনি আশা করছেন।
তুরস্কের প্রেসিডেন্ট ফিলিস্তিনের জন্য মানবিকতার জোট গড়ে তোলার প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, জাতিসংঘে পুনরায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইস্যু উত্থাপন করা হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ