প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ছিলেন তানভীর বারী হামিম। নির্বাচনে জয়ী না হলেও তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে তিনি কড়া সমালোচনা করেছেন।
হামিম বলেন, কথা বলার সময় কোথায় থামতে হবে, কোন পরিসীমা পর্যন্ত তা গ্রহণযোগ্য ও মার্জিত থাকবে—এটা জানা অত্যন্ত জরুরি। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ ছাত্রদলের কর্মীদের নিয়ে মন্তব্য করতে গিয়ে অগ্রহণযোগ্য বিশেষণ ব্যবহার করেছেন। ফুয়াদরা দেশে ফ্যাসিবাদবিরোধী শক্তি হিসেবে পরিচিত হলেও এ ধরনের শব্দচয়ন জাতিকে হতবাক করেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি স্মরণ করিয়ে দেন, ছাত্রদলকে নিয়ে ফুয়াদের মন্তব্য তাঁকে আওয়ামী লীগের জুলাই-আগস্টের বক্তব্যের কথা মনে করিয়ে দেয়, যেখানে শহীদ আবু সাঈদকে টোকাই ও গাঁজাখোর হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। হামিমের মতে, এ ধরনের মন্তব্য শুধু ইতিহাস বিকৃতি নয়, জাতির আবেগেও আঘাত হানে।
ব্যারিস্টার ফুয়াদের উদ্দেশে হামিম টলস্টয়ের কালজয়ী গল্প ‘সাড়ে তিন হাত জমি’ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যেভাবে পাখোম জানত না কতটুকুতে দৌড়ে থামা উচিত, ঠিক তেমনই ফুয়াদও কোথায় সীমা টানতে হবে তা বোঝেন না।
গণতন্ত্রের প্রশ্নে ছাত্রদলের অবস্থান পুনর্ব্যক্ত করে হামিম আরও বলেন, প্রয়োজনে ছাত্রদলের কর্মীরা আবারও রক্ত দেবে। কিন্তু পিআর পদ্ধতির নামে কোনো অসম ব্যবস্থা চাপিয়ে জাতীয় নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র তারা সফল হতে দেবে না।
স্বদেশ প্রতিদিন/ আরএফ