প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২১ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ৫:২৫ PM

সংগৃহীত ছবি
আবারো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বাংলা ক্রিকেট সংস্থার ক্রিকেটের দায়িত্ব পেতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি।
আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচন সিএবিতে। আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সৌরভ এবং তার প্যানেল আজই মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। বিরোধীদের কেউ নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভবাবনাই বেশি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সৌরভ।
আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে সিএবির প্রতিনিধিত্ব করবেন সৌরভই। শুক্রবার সব রাজ্যসংস্থা তাদের প্রতিনিধির নাম বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। সিএবি জমা দিয়েছে সৌরভের নাম। ফলে শুক্রবারই অনেকটা নিশ্চিত হয়ে গেছে যে, সৌরভই বাংলার ক্রিকেটের মসনদে বসতে চলেছেন।
সৌরভের সভাপতি হওয়া কার্যত নিশ্চিত হয়ে গেলেও তার প্যানেল নিয়ে ধোঁয়াশা রয়েছে। সচিব কে হবেন? দু’টি নাম নিয়ে গুঞ্জন আছে। সঞ্জয় দাস এবং বাবলু কোলে।
জাতীয় ক্রীড়া আইন এখনও কার্যকর না হওয়ায় লোধা নিয়মেই নির্বাচন করছে সিএবি। সেই নিয়মে এখনও এক বছরের কাছাকাছি তিনি সিএবির পদে থাকতে পারবেন। বাবলু সচিব হলে সঞ্জয় কোষাধ্যক্ষ হতে পারেন। তাকে যুগ্ম সচিবের পদও দেওয়া হতে পারে।