প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১২ পিএম আপডেট: ১৩.০৯.২০২৫ ৩:১৪ PM

সংগৃহীত ছবি
অবশেষে শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ভোট গণনা শেষ হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ। তবে গণনা শেষ হলেও ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়। এ তথ্য নিশ্চিত করেছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। তিনি ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি।
অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত হয়নি, বিভিন্ন অনিয়ম ঘটেছে। আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছিল যাতে আমি পদত্যাগ না করি। কিন্তু আমি মনে করি, এখন পদত্যাগ না করলে পরে অনিয়ম নিয়ে কথা বললে প্রশ্ন উঠবে কেন আগে পদত্যাগ করিনি।
অন্যদিকে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান অভিযোগ করে বলেন, জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন কমিশনের এক সদস্য পদত্যাগ করেছেন।