প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৫ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ১০:৪৮ PM

১. কামরুজ্জামান ২. এজেডএম রেজওয়ানুল হক ৩. জাকারিয়া বাচ্চু ৪. আনোয়ার হোসেন
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) তিনটি বিতর্কিত নির্বাচন ছাড়া এ আসনটি সব সময় দখলে ছিল আওয়ামী লীগের এক প্রার্থীর কাছে। মরহুম অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এ আসনে পরপর আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার না থাকায় এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত বিধায় প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। বিএনপির কোন কোন্দল না থাকলে এই আসনটি এবার পেতে যাচ্ছে ধানের শীষ এমনটি মন্তব্য করেছেন সাধারণ ভোটাররা। অন্যদিকে আগে থেকেই চূড়ান্ত হওয়া জামায়াতের প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। তারা তরুণ ও নতুন এবং বয়স্ক ভোটারদের টার্গেট করে এগিয়ে যাচ্ছেন। তবে এই আসনে এখন পর্যন্ত বিএনপির মনোনয়ন পেতে কয়েক প্রার্থীর দৌড়ঝাপ জোরেসোরে চলছে।
এ আসনে এবার নতুন ভোটার হয়েছেন ১৪ হাজার ১৬৪ জন। যার মধ্যে পার্বতীপুরে ৯ হাজার ৮৩৯ ও ফুলবাড়ীতে ৪ হাজার ৩২৫ জন। মোট ৪ লাখ ৭৯ হাজার ১৩৯ ভোটারের মধ্যে পার্বতীপুর ৩ লাখ ২ হাজার ৯২ ও ফুলবাড়ী ১ লাখ ৫৯ হাজার ৪৭ জন ভোটার আগামী সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দিনাজপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এই আসনে পার্বতীপুর উপজেলায় ৫ হাজার ৪৮১ ও ফুলবাড়ী উপজেলায় ২ হাজার ৫৬৬ ভোটার বাদ পড়েছে।
পার্বতীপুর ও ফুলবাড়ী দুই উপজেলা সমন্বয়ে গঠিত দিনাজপুর-৫ আসনের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার তালিকায় এগিয়ে আছেন যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ও তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ব্যারিস্টার কামরুজ্জামান। অন্যদিকে পার্বতীপুর ও ফুলবাড়ীতে বিশিষ্ট শিল্পপতি হিসেবে পরিচিত বিএনপির মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক। তিনি জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে প্রয়াত এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার জয়ী হলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রেজওয়ানুল হক ১লাখ ২৮ হাজার ৫৬৭ ভোট পান। তবে এর আগে আওয়ামী লীগ প্রার্থীর সাথে তিনি ছয়বার সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ফলে দলের একটি অংশ মনে করছে তিনি যেহেতু ধারাবাহিকভাবে পরাজিত হচ্ছেন তাই এখানে বিএনপির প্রার্থী হিসেবে নতুন মুখ আসুক। এদিকে দীর্ঘদিন ধরে এ আসনে বিএনপির মনোনয়ন চেয়ে মাঠে কাজ করছেন পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য জাকারিয়া বাচ্চু। মাঠ পর্যায়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
এদিকে অন্যান্য ইসলামি দল, বামদল, নতুন গঠিত দল ও ছোট ছোট দলের প্রার্থীদের খবর নেই। নতুন গঠিত দল এনসিপি তাদের প্রার্থী চূড়ান্ত করলেও কৌশলগত কারণে তারা প্রার্থীর নাম ঘোষণা করছে না। তবে ডা. আহাদ আলী নামে একজন এনসিপি থেকে নির্বাচন করবেন বলে একটি সূত্র জানিয়েছে। এ আসনে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার হোসেন। তিনি সভা-সমাবেশের পাশাপাশি গ্রাম পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন।
জামায়াতের প্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছি। জনগনের কাছে গিয়ে তাদের কথা শোনার চেষ্টা করছি। দীর্ঘদিন ধরে এই আসনটি প্রয়াত এমপি মোস্তাফিজুর রহমানের পরিবার কেন্দ্রিক ছিল। বড়পুকুরিয়া ও মধ্যপাড়া খনি নিয়ে অনেক দুর্নীতি ও অনিয়ম করেছে ওই পরিবারটি। জয়ী হলে আমি এই সব দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কাজ করে যাবো।
এদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও ধণাঢ্য ব্যক্তি হিসেবে পরিচয় বহনকারী জাকারিয়া বাচ্চু বলেন, ২০১৮ সালের কঠিন পরিস্থিতির মাঝেও দল আমাকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। আমি দলের প্রয়োজনে প্রত্যাহারও করেছি। এজন্য দল আমাকে বিবেচনায় নিবে বলে আশা প্রকাশ করছি।
ভোটারদের ভাষায় যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি এবং তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ব্যারিস্টার কামরুজ্জামান মনোনয়ন দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন। তিনি বলেন, এই আসনে ইতিপূর্বে বিএনপি থেকে মনোনয়ন পেলেও টানা ছয়বার কেউ নির্বাচিত হতে পারেনি। তাই এই আসনটি বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আসনে রয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি ও মধ্যপাড়া কঠিন শিলা খনি। এই দুই খনি দেশের উন্নয়নে ব্যাপক কাজে লাগছে। তবে এই দুই খনি থেকে অনিয়ম ও দুর্নীতিও হয়েছে ব্যাপক। পাশাপাশি পার্বতীপুর উপজেলায় দেশের সর্ববৃহৎ রেলওয়ে জংশন ও লোকোমোটিভ কারখানা অবস্থিত। গত ১৫ বছরে এই জংশন ও কারখানায় কোন উন্নয়ন হয়নি। রেলওয়ে আমাদের একটি নিরাপদ ও আরামদায়ক বাহন। অথচ রেলওয়ের কোন উন্নয়ন হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি যদি মনোনয়ন পাই ও নির্বাচিত হই তাহলে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার ব্যাপক উন্নয়ন করবো।