প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৩ পিএম

সংগৃহীত ছবি
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদে মাদক প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবুবক্কর সিদ্দিকী। তিনি বলেন, মাদক প্রতিরোধ শুরু করতে হবে প্রতিটি পরিবার থেকে। মা-বাবাকে অবশ্যই সন্তানদের চলাফেরা ও সঙ্গী-সাথীর বিষয়ে সচেতন থাকতে হবে। দল-মত নির্বিশেষে একসাথে কাজ করলে জিনারদী ইউনিয়ন একটি রোল মডেল হিসেবে গড়ে উঠতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মনির হোসেন বলেন, পলাশ থানায় যোগদানের পর থেকেই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক ও অন্যান্য অপরাধ দমনে কাজ করছি। এ ক্ষেত্রে ইউনিয়নবাসীর সহযোগিতা অপরিহার্য।
সভাপতির বক্তব্যে জিনারদী ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব মোঃ রাকীন মাশরুর খান বলেন, মাদক একটি জাতীয় ব্যাধি। এই ব্যাধি থেকে মুক্তি পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ ইউনিয়ন ভিত্তিক মাদক প্রতিরোধ কমিটি গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিতভাবে কমিটির কার্যক্রমের রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা, পলাশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ খান, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, জিনারদী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মিয়া, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আমজাদ হোসেন, কালী মন্দিরের সাবেক সভাপতি বিজয় বণিকসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম।
স্বদেশ প্রতিদিন/শাহো