
সংগৃহীত ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে “আইন বিতর্ক উৎসব-২০২৫”, দ্বিতীয় অন্তঃবিভাগ মুটকোর্ট প্রতিযোগিতা এবং অ্যাডভোকেট তপন বিহারী নাগ ছাত্রকল্যাণ তহবিলের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের পঞ্চম তলায় আইন ও বিচার বিভাগের মুটকোর্ট রুমে মুটকোর্ট সোসাইটি ও ল’ ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
উপাচার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীদের মতো নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও সমান প্রাধান্য দেওয়া হয় এবং দেশের সমাজব্যবস্থায় আইন বিভাগের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা করা হয়। বিভাগের এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অ্যাডভোকেট তপন বিহারী নাগ ছাত্রকল্যাণ তহবিল থেকে ১২ জন মেধাবী শিক্ষার্থীকে ছয় হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকার চেক প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন সামিয়া আক্তার মন্টি, ইশরাত জাহান, মো. গোলাম কিবরিয়া, প্রতাপ রায়, মো. সালমান সিফাত আলিফ, মারিয়া আফরোজ তিথি, মো. আবির হোসেন সিহাব, কানিজ ফাতেমা শম্পা, নাঈম আস সাকিব লোটাস, রাসেল, রাকিবুল হাসান রাকিব ও সুরাইয়া ইয়াসমিন।
১ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় ১০ বিভাগের ১২ দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় ‘ডিবেটোক্র্যাটস’ (আইন ও বিচার বিভাগ) এবং রানার্সআপ হয় ‘মুগ্ধ’ (অর্থনীতি বিভাগ)। ডিবেটর অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন আব্দুল্লাহ ইশরাক লাবীব (ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ) ও নওরিন জাহান মৌ (অর্থনীতি বিভাগ) এবং ডিবেটর অব দ্য ফাইনাল হন আলী আহসান তূর্য (আইন ও বিচার বিভাগ)।
৪র্থ অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় আইন ও বিচার বিভাগের ৮ দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় ‘তুফান’ এবং রানার্সআপ হয় ‘আগে নির্বাচন পরে ডিবেট’। ডিবেটর অব দ্য টুর্নামেন্ট হন মো. হাসিবুর রহমান, আলী আহসান তূর্য ও ফারুক আহমেদ জিসান এবং ডিবেটর অব দ্য ফাইনাল হন আলী আহসান তূর্য।
এছাড়া দ্বিতীয় অন্তঃবিভাগ মুটকোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্সআপ, বেস্ট মেমো, স্পিরিট অব দ্য মুট এবং বেস্ট ওরালিস্ট পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির আলম এবং সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান মুহাম্মদ ইরফান আজিজ। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/শাহো