
সংগৃহীত ছবি
অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ কাড়ল সবার নজর। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপল পার্কে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কোম্পানির প্রধান নির্বাহী টিম কুক এটি উন্মোচন করেন।
‘অ ড্রপিং’ নামে পরিচিত এই অনুষ্ঠানে আইফোন ১৭-এর সঙ্গে নতুন ইয়ারবাড, অ্যাপল ওয়াচ এবং ফাইনাল কাট ক্যামেরার নতুন সংস্করণও ঘোষণা করা হয়। তবে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আইফোন ১৭।
অ্যাপলের ঘোষণামতে, আইফোন ১৭ সিরিজে রয়েছে চারটি মডেল—আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। এই মাসে গ্রাহকরা বিভিন্ন মডেলের প্রি-অর্ডার করতে পারবেন এবং ১৯ সেপ্টেম্বর থেকে হাতে পাবেন।
সবচেয়ে সাশ্রয়ী মডেলটির দাম ৭৯৯ ডলার, যা বাংলাদেশে বর্তমান বিনিময় হারে প্রায় ৯৭ হাজার টাকা। এই মডেলটিতে থাকছে ২৫৬ গিগাবাইট স্টোরেজ।
আইফোন ১৭-এর মূল ফিচারগুলো:
ফ্রন্ট ক্যামেরা: নতুন ‘সেন্টার স্টেজ’ প্রযুক্তি, যা সেলফি অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
পেছনের ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেলের দ্বৈত ক্যামেরা সিস্টেম।
ডিসপ্লে: ৬.৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর স্ক্রিন, সর্বোচ্চ ১২০ হার্জ রিফ্রেশ রেটের ‘প্রো মোশন’ ফিচার।
টাচস্ক্রিন: নতুন ‘সিরামিক ২’ প্রযুক্তি, যা আগের তুলনায় তিন গুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধী।
চিপ: শক্তিশালী A19 চিপ, যা ব্যাটারির স্থায়িত্ব ও পারফরম্যান্স উন্নত করবে।
আইফোন ১৭ প্রথমে বাজারে আসবে ২৫৬ গিগাবাইট ও ৫১২ গিগাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টে। প্রি-অর্ডার শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে, এবং ১৯ সেপ্টেম্বর থেকে ডেলিভারি শুরু হবে।
বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য বাজারে এই নতুন মডেলগুলি কখন থেকে পাওয়া যাবে, সে বিষয়ে এখনও অ্যাপল আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি।