প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ সবার সামনে প্রমাণ করতে সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমও।
ফরহাদ অভিযোগ করেন, দিনের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হয়েছে। তার দাবি, ছাত্রদলের প্রার্থীরা সকাল থেকে বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করেছে, অথচ তাদের (ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট) প্রার্থীদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। দুপুর পর্যন্ত তাদের প্রবেশ বন্ধ রেখে পরে হঠাৎ অনুমতি দেওয়া হয়েছে, যা তিনি “নাটক” বলে অভিহিত করেন।
তিনি আরও অভিযোগ করেন, একুশে হলে ব্যালট কারচুপির ঘটনা ধামাচাপা দিতে প্রশাসন নাটক মঞ্চস্থ করেছে এবং রোকেয়া হলে হঠাৎ এক শিক্ষার্থীর অভিযোগকে ঘিরে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। ফরহাদের দাবি, এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সিসিটিভি ফুটেজ তাৎক্ষণিকভাবে উন্মুক্ত করা উচিত ছিল, কিন্তু প্রশাসন তা করেনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আবারো দাবি করছি— সিসিটিভি ফুটেজ উন্মুক্ত করা হোক, অভিযোগ এলে সাথে সাথে দোষীকে গ্রেপ্তার করা হোক।”
অন্যদিকে ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। তিনি অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে কারচুপি হলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। “যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে,” বলেন সাদিক।
তিনি বলেন, “জুলাই বিপ্লব শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে। খুনি হাসিনার পতন ঘটানো হয়েছিল। এবারও যদি কেউ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করে, শিক্ষার্থীরা প্রতিহত করবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ